‘আওয়াজ উডা’ কনসার্টে গাইবেন হান্নান
ছাত্র-জনতার আন্দোলনে বাংলা রেপ মিউজিকের জনপ্রিয়তা বাড়ছে। এই ধারায় ভাইরাল হওয়া গান ‘আওয়াজ উডা’ নিয়ে হান্নান নামক নারায়ণগঞ্জের একজন রেপারকে জেলে যেতে হয়েছে। এবার এই গানের নামে ‘আওয়াজ উডা’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। আগামীকাল সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে হওয়া এই কনসার্টে হান্নান নিজেই গান করবেন।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, এতে তাদের নিজস্ব ভাষায় গান করবেন লুম্বিনী চাকমা, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা, ডিউক মুরমু ও সমাপন স্মাল। আরও অংশ নেবেন নারী ব্যান্ড এফ মাইনর, ডেমোক্রেসি ক্লাউনস এবং গায়ক আহমেদ হাসান সানি।
আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গায়করা ‘চল চল চল’ শিরোনামের সমবেত গান পরিবেশন করবেন। ডেমোক্রেসি ক্লাউনস গাবে ‘আমরা করব জয়’ এবং ‘নীল নির্বাস’। আহমেদ হাসান সানি এবং এফ মাইনরের পর গাইবেন যিন ব্রাদার্স। অনুষ্ঠানটির শেষে শিল্পকলা একাডেমির গায়করা সমবেতভাবে ‘মোরা ঝঞ্ঝার মতো’ গানটি পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ সভাপতিত্ব করবেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান বিশেষ অতিথি থাকবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে আহত মোহাম্মদ আশরাফুল অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।
‘আওয়াজ উডা’ রেপার হান্নানের গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির নিন্দা জানানোর বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান বক্তব্য রাখবেন। ‘আওয়াজ উডা’ কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে।