**সাকিব আমাকেও কয়বার ফোন করেছে: আসিফ নজরুল**
ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলতে বাংলাদেশ আসতে চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা সংকটের কারণে তিনি সিদ্ধান্ত পাল্টেছেন। এ বিষয়ে আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “সাকিব আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।”
একুশে টেলিভিশনের “আজকের সংবাদপত্র” অনুষ্ঠানে গতকাল রাতে দৈনিক সংবাদের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এই কথাগুলি বলেছেন।
আইন উপদেষ্টা বলেন, “সাকিবের মতো খেলোয়াড় আর বাংলাদেশের ইতিহাসে হয়নি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে হয়নি। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হতে পারত। শুধু তো রাজনীতি নয়, এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পর্ক রাখা। আমি বিশ্বাস করতেই পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, ঘরে ঘরে কষ্ট, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে এনজয়িং মাই লাইফ ইন…কোন জায়গায় জানি। এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব?”
এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, “এ ছাড়া (সাকিবের) যেসব আচরণ, যেমন জুয়া-জুয়া, বেটিং, উচ্ছৃঙ্খল আচরণ… অর্থাৎ একটা… আর মাঝে মাঝে মনে হয় জানেন, এটাও হয়তো কেউ কেউ ভাবতে পারেন আমি বাড়িয়ে বলছি। আমার মনে হয় এর জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছিল, যে এই রাষ্ট্রযন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছে করতে পারেন। আপনার কোনো শাস্তি হবে না। এটা তো অনেক মানুষকে বিভ্রান্ত করে। তাকেও করেছে আর কি। মায়া লাগে। কিন্তু তার প্রতি যখন মানুষ যে ক্ষোভ দেখায়, সে ক্ষোভটা আমার একটুও অন্যায় লাগে না।”
দুই দিন পরই মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হচ্ছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সাকিব আল হাসানের নাম ছিল। তাঁর জায়গায় আজ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি।