উত্তর প্রদেশের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত
ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশুদের ওয়ার্ডে শুক্রবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলার ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার জানিয়েছেন, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নিউবর্ন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
এই হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর জানান, আগুন লাগার সময় ৫৪টি শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। আগুন লাগার ফলে অনেক শিশু আটকা পড়ে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকে পড়া শিশুদের উদ্ধার করা সম্ভব হয়।
যদিও শুরু থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল, তবে ঘরে থাকা অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কিছু শিশুকে উদ্ধার করা গেলেও ১০টি শিশুর মৃত্যু হয়। আহত শিশুদের চিকিৎসা চলছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এদিকে, ঝাঁসির বিভাগীয় কমিশনার এবং পুলিশ রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।