৫২ জাতীয় ডেস্ক।।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি। আজ (শনিবার) রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বৈঠকে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।’
এর আগে রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন জাহিদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার দফতরে জাহিদকে শপথবাক্য পাঠ করান। শপথ নেয়ার পর জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ‘বহিষ্কার করা হতে পারে এটা জেনেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি শপথ নিয়েছি। বহিষ্কার করলেও আমি দলের সাথেই থাকব।’ তিনি সংসদে গিয়ে খালেদা জিয়ার কারামুক্তির দাবি উত্থাপন করবেন বলে জানান।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বলেছিলেন, জাহিদুর রহমান শপথ নিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং তাদের স্থায়ী কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চূড়ান্ত করবে।
একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মো. মনসুর আহমেদসহ নিয়ে ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন। তবে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন, আইন অনুযায়ী তাঁদের সদস্যপদ থাকবে কি না, তা নিয়ে বিতর্ক আছে।