৫২ রাজনীতি ডেস্ক।।
মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন, সম্পূর্ণ ম্যান্ডেটবিহীন একটা সরকার। এই সরকারকে ক্ষমতায় রাখার মানে হচ্ছে জনগণের সর্বনাশ করা। তিনি বলেন, আজকে প্রত্যেকটি পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজকে মানুষ চাল কিনে খেতে পারছে না, অথচ গ্রামে যান কৃষকরা বলবে আমরা ধানের দাম পাচ্ছি না। অথচ চাল কিন্তু কেজিতে ৫০ টাকা ৬০ টাকার নিচে নাই।
প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে ভারত সফরে গেলেন। আমরা আশা করেছিলাম সেখানে আমাদের তিস্তাসহ অন্যান্য চুক্তি সম্পন্ন হবে এবং আমরা আমাদের ন্যায্য হিস্যা পাব। কিন্তু তিস্তা নদীর এক ফোঁটা পানি পাওয়ারও কোনো চুক্তি হয়নি। অথচ অন্যদিকে আমার ফেনী নদীর পানি তাদেরকে দেয়ার জন্য চুক্তি করে আসা হয়েছে। আজকে গ্যাস আমদানি করে আগরতলাতে পাঠানো হচ্ছে অর্থাৎ আমদানি করে রপ্তানি করা হচ্ছে। জনগণ এত বোকা নয় যে জনগণ বুঝতে পারে না।
বিএনপি মহাসচিব আরো বলেন, আজকে বঙ্গোপসাগরে রাডার লাগানো হচ্ছে। বঙ্গোপসাগরকে পর্যবেক্ষণ করার জন্য ভারত রাডার বসাবে এবং তারা পর্যবেক্ষণ করবে। আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি এবং আবারো চাই। এই চুক্তিগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা জনগণের সামনে সরকারকে তুলে ধরতে হবে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে কিনা আমরা এবিষয়ে সরকারের কাছে আমরা স্পষ্ট ব্যাখ্যা চাই।
বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তাই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বারবার বলেছি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। সমস্ত দেশ প্রেমিক শক্তিগুলোকে একত্রিত করে আন্দোলনের মাধ্যমে তাদেরকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে।
সূত্র-নয়াদিগন্ত।