মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
ঢাকা বন বিভাগের অধীন গাজীপুর রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটে বন দখলে চেষ্টা প্রতিহত করতে গিয়ে আহত হয়েছেন, বিট কর্মকর্তা নূর মোহাম্মদ সহ কয়েকজন বন প্রহরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সদরের নয়াপাড়া মাট সংলগ্ন আশ্রমচালা এলাকায় এ ঘটনা ঘটে।
মনিপুর বিট কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বোকরাণ মনিপুর মৌজার নয়াপাড়া আশ্রমচালা এলাকায় বন দখলের চেষ্টা চালায় আসেদ মাঝি ও তার ছেলে রেজাউলসহ পরিবারের সদস্যরা। খবর পেয়ে স্টাফদের নিয়ে তিনি ওই এলাকায় যান। তবে আগে থেকেই হামলার পরিকল্পনায় লাঠিসোটা হাতে ওঁৎ পেতে ছিল বেশ কয়েকজন নারী ও পুরুষ। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে বন বিভাগের লোকজনদের উপর হামলা চালানো হয়। এতে তিনি, বন প্রহরী মোবারক হোসেন, শাহজাহান, মোজাম্মেল আহত হন। রক্ষা পায়নি নিরীহ এক অটোরিকশা চালক। এ ঘটনায় জয়দেবপুর থানায় তিনি মামলা দায়ের করবেন। পাশাপাশি বন মামলা (পিওআর) দায়ের করা হবে বলেও তিনি জানান।
জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় বন বিভাগের কয়েকজন আহত হয়েছে।
ভাওয়ালগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য শেখ মোঃ এমদাদুল হক জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজনদের উদ্ধার করে তিনি তার নিজ বাড়িতে নিয়ে যান।
আসেদ মাঝির ছেলে রেজাউলসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, আমরা সবকিছু ম্যানেজ করে আমাদের বাড়ি নির্মাণ করেছি। কিন্তু হঠাৎ করেই আমাদের ঘর বাড়ি ভাংচুর শুরু করে। আমরা বাধা দিতে গেলে বিট কর্মকর্তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমার পরিবারের সদস্য সহ এক ভাড়াটিয়া মহিলা আহত হয়।