গাজীপুরের ভাওয়াল টাইগার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে টঙ্গী শহর সমাজসেবা অফিসার যোবায়ের আলম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সদর উপজেলার মনিপুর নয়াপাড়ায় অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাবে সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
এতে তিনটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
যোবায়ের আলম জানান, ভাওয়াল টাইগার্স ক্লাবে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনে ৩টি পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকী পদগুলোয় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভাওয়াল টাইগার্স ক্লাবে মোট ভোটার সংখ্যা ১৩৬ জন। স্বচ্ছ ব্যালটের মধ্যমে ১৩২টি ভোট গ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে বিকাল সোয়া ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। ভোটে সভাপতি পদে লুৎফর রহমান ছাতা প্রতীকে ৯৯ ভোট, সহ-সভাপতি চশমা প্রতীকে আবু বক্কর সিদ্দিক ৬৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আব্দুল হালিম ৮৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
নির্বাচনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয়ী প্রার্থীরা বলেন, গাজীপুরের ভাওয়াল টাইগার্স ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি সুনাম অর্জন করে আসছে। দীর্ঘ ১২ বছর পরে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো। আশা করছি, আমরা যারা নতুন কমিটিতে আসছি, ইনশাআল্লাহ ক্লাবটিকে একটি মানসম্মত আধুনিক ক্লাব গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।