৫২ জাতীয় ডেস্ক।।
জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে না। আজ মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, জননিরাপত্তার স্বার্থে ব্যাগ নয়, জায়নামাজ সঙ্গে নিয়ে আসবেন। ব্যাগসহ ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।আছাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্য যেসব জায়গায় ঈদ জামাত হবে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পোশাকে ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
তিনি জানান, ঈদের দিন জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায় ছয়টি চেকপোস্ট থাকবে। সব প্রবেশপথে চেকপোস্টে তল্লাশি করা হবে।কমিশনার বলেন, ঈদগাহ মাঠের প্রবেশপথে আর্চওয়েতে তল্লাশি শেষে প্রবেশ করানো হবে। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে মহানগরীজুড়ে চেকপোস্ট, তল্লাশি, মোবাইল, ফুট ও মোটরবাইক পেট্রোল জোরদার করা হবে। নগরবাসীর জানমালের নিরাপত্তায়ও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কমিশনার।

























