রিসাং ঝরনায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
খাগড়াছড়ির রিসাং ঝরনায় গোসল করতে গিয়ে মো. রাকিব হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
নিহত রাকিব ছিলেন খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তিনি খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রাকিব ও তার তিন বন্ধু রিসাং ঝরনায় গোসল করতে যায়। বিকেলে তারা ঝরনার ওপরের দিক থেকে গভীর খাদে লাফ দেন। এ সময় পানির ঘূর্ণিতে রাকিব তলিয়ে গিয়ে মারা যান।
খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের সদস্যরা রাকিবের মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হলে পরে রাঙামাটির ডুবুরি দল সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনগত কার্যক্রম চলছে।