দেশের ব্যবসায়-বাণিজ্য অঙ্গনে অসামান্য অবদানের জন্য পাঁচজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে ২২তম বাংলাদেশ ব্যবসা পুরস্কারে।
বুধবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারপার্সন কিহাক সাং। সেরা ব্যবসায়ীর স্বীকৃতি পেয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেখ বশির উদ্দিন। বছরের সেরা ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে দেশের অন্যতম বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম। সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়েছে পূবালী ব্যাংককে। এ ছাড়া সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন গার্মেন্টস বাইং হাউস ক্লথস ‘আর’ আস লিমিটেডের এমডি কিয়াও সেন থাই ডলি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মোঃ মিয়ারুল হক ও দ্য ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম।
২০০০ সাল থেকে ডিএইচএল ও দ্য ডেইলি স্টার নিয়মিতভাবে বাংলাদেশ ব্যবসা পুরস্কার প্রদান করে আসছে।
আয়োজকরা জানান, কয়েক দশক ধরে বাংলাদেশে কাজ করা দক্ষিণ কোরীয় তৈরি পোশাক প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারপার্সন কিহাক সাং বাংলাদেশের রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে অসামান্য অবদান রেখেছেন। এ কারণে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “অতীতে অনেক অর্থ অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। সরকারি প্রকল্পে মেয়াদ বৃদ্ধির মাধ্যমে খরচ অনেক বাড়ানো হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না।” ব্যবসায়ীদেরও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, সিপিডির সম্মানিত ফেলো রওনক জাহান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ভাইস চ্যান্সেলর রুবানা হক প্রমুখ।
এ ছাড়া ব্যবসায়ী ও ব্যাংকারদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ প্রমুখ।