**ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ জন**
গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এসমেত চলতি অক্টোবরে ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৫২৩ জন। আর চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৪৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে সবচেয়ে বেশি ১২৪ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপরে ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা।
গত বছর বাংলাদেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন।