গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এঁরা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। ইদের মৃত্যুর সাথে করে চলতি বছরে এই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯, যা মোট মৃত্যুর সংখ্যার অর্ধেকেরও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত গতকালের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১,০৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। এরপর ১৩০ জন ভর্তি হয়েছেন দক্ষিণ সিটির হাসপাতালে। ঢাকা বিভাগের বাকি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশালে ৭৭ জন, খুলনায় ১০১ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ৩১ জন, রংপুরে ২৪ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৬১ জন।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে, সংখ্যা ১২৯ জন। এর পরেই আছে উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলো, যেখানে মৃত্যু হয়েছে ৪২ জনের। এই মৃত্যুগুলো নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫০ জন। এর মধ্যে চলতি মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৮৭ জন।
ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশি হলেও পুরুষের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছরের এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ নারী। অপরদিকে, মৃতদের মধ্যে ৫৩.২ শতাংশ নারী এবং ৪৬.৮ শতাংশ পুরুষ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০,৯১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ২১ থেকে ৩০ বছর বয়স্করা সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই বয়স্কদের মধ্যে মোট আক্রান্ত ১৫,১৫১ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।