৫২ রাজনীতি ডেস্ক।।
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনকে লোক দেখানো ও প্রহসন আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই বলছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগেই সবাই ঠাণ্ডা হয়ে যাবে। এবারও লোক দেখানো ও প্রহসনের নির্বাচন হবে। এ সরকার আবারও প্রমাণ করবে, তাদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।
সিটি নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে, এমন অভিযোগ করে তিনি বলেন, মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে মওদুদ বলেন, সরকারের প্রভাবের কারণে বেগম জিয়াকে আদালত জামিন দিচ্ছে না। তাই আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এবার আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে, ময়দানে থাকবো। খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত ঘরে ফিরবো না। যদি আন্দোলনের মতো আন্দোলন করতে পারি অবশ্যই সফল হবো। আর যদি না করতে পারি তাহলে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি থাকবেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০১৯ সালে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনীতি, কৃষি, আইন-শৃঙ্খলা বিচার বিভাগসহ সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের জনগণ এ সরকার আর চায় না।