পাবনা-৫ (সদর) আসনের প্রাক্তন সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার (প্রিন্স) এবং সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ মোট ৯ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকা ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
আদালত সূত্রে জানা গেছে, সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে গোলাম ফারুকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুদক। দুদকের মতে, সাবেক সংসদ সদস্যটি বিদেশে পালিয়ে যেতে পারেন। এই আশঙ্কায় আদালত তার বিদেশ যাতায় নিষেধাজ্ঞা দিয়েছে।
এছাড়াও, সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ প্রতিষ্ঠানটির আরও আটজন কর্মকর্তার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফৌজিয়া কামরুন, মোস্তফা কামরুস সোবহান, সাফিয়া সুবহান চৌধুরী, তাসনিয়া কামরুন, ফজলুতুন নেছা, নুর ই হাফজা এবং মীর রাশেদ বীন আমান।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, মোস্তফা গোলাম কুদ্দুস ও তার সহযোগীরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেছেন।