পঞ্চগড়ে চা প্রক্রিয়াকরণ কারখানাকে সাড়ে ৪ লাখ টাকার জরিমানা
পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ নামের একটি চা প্রক্রিয়াকরণ কারখানাকে শর্ত না মানা ও মিথ্যা তথ্য দেয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে। অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলার সুরিভিটা-হেলিপ্যাড এলাকায় এই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল হক তারেক এই অভিযান পরিচালনা করেন।
পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানিয়েছে, পঞ্চগড়ের চা-শিল্পের সংকট দূর করতে গত দুই মাসে চারবার চা-সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হয়েছে। এতে সবার সম্মতিতে কাঁচা চায়ের পাতার সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত মানা হচ্ছে কি না, তা তদারক করার জন্য মনিটরিং দলও গঠন করা হয়।
কয়েকটি কারখানার মালিক নিয়ম না মেনে চাষিদের কাছ থেকে কাঁচা চা পাতা কিনে বিক্রি করছেন বলে চাষিদের অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে চাষিদের ন্যায্যমূল্য না দেওয়া, চাষিদের দেওয়া কাঁচা চা পাতার ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে দাম দেওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পায়। এরপর কারখানার কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ও শাস্তির নির্দেশ দেয়। কারখানার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছে।
চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড়ের চা-শিল্পের উন্নয়নের জন্য চা-সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানবে না, নিয়মকানুন না মেনে চলবে এবং চাষিদের ন্যায্য মূল্য দেবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্যও সেটাই।