৫২ জাতীয় ডেস্ক।।
নতুন সড়ক পরিবহন আইন স্থগিতের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক–কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল (বুধবার) রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠকের রাত পৌনে ১টার দিকে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
বৈঠক শেষে পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষে রুস্তম আলী খান বলেন, নতুন আইন নিয়ে দীর্ঘক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি দাবিগুলো ইতিবাচকভাবে মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে তাদের ৯ দফা দাবি নিয়ে আলোচনায় যেসব দাবি সঙ্গত সেগুলোর মধ্যে কয়েকটা মেনে নিতে সময় বেঁধে দেয়া হয়েছে। আর বাকি দাবি অনুযায়ী আইন সংশোধনের বিষয়ে বেশকিছু সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাব। এ আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে।
স্বারাষ্ট্রমন্ত্রী জানান, চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ করার জন্য ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনের ১২৬টি ধারার ৯টি ধারায় তাদের আপত্তি ছিল। আইনটি ইতোমধ্যে প্রয়োগ হয়ে গেছে। আর যে ধারাগুলো সংশোধনের দাবি এসেছে সেগুলো বিচার-বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা পাঠাব।
অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রণীত আইনের বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে বৈঠকে আজকের সিদ্ধান্ত মোটেও আইন-পরিপন্থী নয়। আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আমাদেরও রয়েছে যেমন, পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা আমরা করতে পারিনি। সেগুলোই বিবেচনা করা হবে।
বৈঠকে বাস-ট্রাক কাভার্ডভ্যানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত রাখা ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হন।