মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বৃহস্পতিবার (১৪ মে) ট্রাষ্ট নীটওয়্যার ইনডাষ্ট্রিজ লিঃ এর কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
গার্মেন্টস কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমিকরা মানছে না কোনো নিয়ম-নীতি। আদায় করতে পারছেনা তাদের মৌলিক অধিকার।
শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে, জোর পূর্বক স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করার প্রতিবাদে দুপুরে ১২টার দিকে ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় শিল্পপুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কারখানায় ফিরে যায়। পরে কর্তৃপক্ষের সাথে কথা বলে সোমবার (১৮ মে) বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সুইং অপারেট মুক্তা জানিয়েছেন, আমাদের প্রতি মাসের বেতন ঠিকমত দেওয়া হয় না। আন্দোলন করতে হয় বেতনের জন্য। করোনার আগে কারখানায় যাতায়াতের জন্য গাড়ি দিলেও বর্তমান পরিস্থিতিতে কোনো গাড়ি দিচ্ছে না। ফলে আমাদের কারখানায় হেঁটে আসতে হচ্ছে দূর-দূরান্ত থেকে।
সুইং অপারেটর নার্গিস আক্তার জানায়, কারখানা থেকে গাড়ি না দেওয়ায় বাড়তি ভাড়া দিয়ে প্রতিদিন আসতে হচ্ছে। এখন আমাদের কাছে কোন টাকা নেই। আমরা নাইট বিল সহ ছুটির টাকা পাব সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ। বাড়ির মালিক ও দোকানদার আমাদেরকে চাপ দিচ্ছে। তাই অনেকটা বাধ্য হয়েই আমাদের রাস্তায় নামতে হচ্ছে।
এ ব্যাপারে গাজীপুর শিল্পপুলিশের (ওসি), জাহাঙ্গীর হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানায় ফেরত পাঠানো হয়। এছাড়াও কর্তৃপক্ষের সাথে কথা বলে, সোমবার (১৮ মে) বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকের বাড়িতে ফিরে যায়।