৫২ জাতীয় ডেস্ক।।
বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় প্রবেশে করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।
শনিবার ভোরে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে এফবি সুদীপ নামে একটি ট্রলার এবং ট্রলারে বিভিন্ন প্রজাতির মাছসহ জাল ও দড়ি জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি সুদীপ নামে একটি ফিসিং ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ওই এলাকায় টহলরত কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মোংলা থানায় স্থানান্তর করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর ২২ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানোর হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর কোস্টগার্ড বাহিনী ১৪ জন ভারতীয় জেলেকে আটক করে। এ নিয়ে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের দুই দফা অভিযানে মোট ২৬ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।