থাইল্যান্ডের এক পুলিশ স্টেশনে অবাক করা ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২০০ বানরের একটি দল স্টেশনটিতে হানা দিয়ে পুলিশ কর্মকর্তাদের ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছে।
লপবুরির এই ঘটনাটি শনিবার ঘটেছে। বানরের হামলার শিকার এটিই প্রথমবার নয় এই শহরের বাসিন্দাদের জন্য। বানরের সংখ্যা বাড়ার সাথে সাথে শহরে তাদের উৎপাতও বাড়ছে।
খাবারের সন্ধানে বানরের দল লোকালয়ের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, এমনকি বিপজ্জনক আচরণও করছে। এই আক্রমণ রোধে স্থানীয় প্রশাসন বিশেষ ধরনের বেষ্টনী তৈরি করেছে, তবে তা সবসময় কাজ করছে না।
থাইল্যান্ডের লপবুরি পুলিশ স্টেশনেও একই রকম ঘটনা ঘটেছে। শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে এসে শহরে হামলা চালায়। একপর্যায়ে একটি দল লপবুরি থানায় হানা দেয়।
পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি বলেছেন, "খাবার খুঁজতে সেগুলি থানার ভিতরে ঢুকতে চেষ্টা করছিল। আমরা তাদের আটকাতে বাধ্য হয়ে ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিয়েছিলাম।"
পুলিশের ভয় ছিল, বানরের দল ভবনের ভিতরে ঢুকে চিৎকার চেঁচামেচি করবে, নথিপত্র নষ্ট করবে এবং থানার অন্যান্য জিনিসপত্র ভাঙবে।
সোমচাই সিদি জানিয়েছেন, শনিবার এবং রবিবার পুলিশ সদস্যদের দরজা-জানালা বন্ধ করে থানার ভিতরে আটকা পড়ে থাকতে হয়েছিল।
পরে অন্য বাহিনীর সদস্যদের ডেকে এনে বানরদের তাড়াতে হয়েছে। তারা এসে দখলদারদের তাড়িয়ে এবং থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেছে। পুলিশ রবিবার একটি ফেসবুক পোস্টে এই ঘটনা জানিয়েছে।
যদিও সব বানর এখনও থানা ছাড়েনি। গতকালও থানা ভবনের ছাদে কিছু বানরকে ঘুরতে দেখা গেছে। পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ খাবারের সন্ধানে বানরদের এসব হামলা রোধ করতে রাস্তায় নেমে বানরদের ধরার চেষ্টা করছে।