৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে ২০ দল ছাড়ার ঘোষণা দেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজেপি ১৯৯৯ সাল থেকে চারদলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে ২০ দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমশই স্থবির হয়ে পড়ে। বিরোধীদলীয় রাজনীতি অতিমাত্রায় ঐক্যফ্রন্টমুখী হওয়ায় ২০১৮ সালে ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে সরকারের সঙ্গে সংলাপসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ২০ দলীয় জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্য কোনো দলের সম্পৃক্ততা ছিল না। কেবল সংহতি ও সহমত পোষণের নিমিত্তে ২০ দলীয় জোটের সভা ডাকা হতো।”

বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০১৮ সালের ৩০ ডিসেম্বরের প্রহসনের ও ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ দলীয় জোটের সবার সম্মতিক্রমে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়। কিন্তু পরবর্তীতে প্রথমে ঐক্যফ্রন্টের দুজন এবং বিএনপির চারজন (পাঁচজন হবে) সংসদ সদস্য শপথ নেওয়ায় দেশবাসীর মতো বিজেপিও অবাক ও হতবাক। শপথ নেওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে বিএনপি ছাড়া ২০ দলের অন্য কোনো দলের কোনো সম্পৃক্ততা নেই।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজেপি মনে করে, এই শপথের মাধ্যমে বিএনপি এবং ঐক্যফ্রন্ট ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্থায় ২০ দলীয় জোটের বিদ্যমান রাজনীতি পরিস্থিতি বিবেচনা করে বিজেপি ২০ দলীয় জোটের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসছে।”
উল্লেখ্য, একাদাশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী প্রতীকে লড়ছিলেন আন্দালিব রহমান পার্থ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।