লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া লেবানন থেকে আজ সন্ধ্যায় ৬৫জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় দফায় বাংলাদেশিরা দেশে ফিরলেন। এর আগে ৫৪জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, নবজাতক সহ মোট ৬৫জন বাংলাদেশি সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় আরও ৩১জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লেবাননের রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফেরার জন্য জেদ্দায় যাচ্ছেন ৩১জন বাংলাদেশি। সেখান থেকে রাত ১টার দিকে তাদেরকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
মোট ১ হাজার ৮০০জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরতে রেজিস্ট্রেশন করেছেন। তাদেরকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএম-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।