গাজীপুর (শ্রীপুর)প্রতিনিধি।।
রাস্তা সংস্কার ও অননুমোদিত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবী জানিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারের হাজার হাজার জনতা। শনিবার দুপুর ১২টায় এমসি বাজার-শিশু পল্লী সড়কে এর সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সকল দোকাপাট বন্ধ রেখে কর্মসুচী পালন করেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। শনিবার দুপুর ১২টায় এমসি বাজার-শিশু পল্লী সড়কে এ কর্মসুচী পালিত হয়।
এমসি বাজার এলাকার ভ্যানগাড়ী চালক মো: জজ মিয়া জানান, গত তিন বছর যাবত ওই সড়কের প্রায় এক কিলোমিটার জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে পুরনো রাস্তার পিচ এনে গর্ত ভরাট করা হয়। বৃষ্টির পানিতে আবার তা ১০ দিনের মধ্যেই উঠে গিয়ে নতুন গর্তের সৃষ্টি হয়। ছাতিরবাজার এলাকার এম ই বি রেডিমিক্স লিমিটেডের অনুমোদনহীন ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাটি দ্রæত ভেঙ্গে গেছে। একই দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
একই এলাকার অটোরিক্সা চালক মো: কাদের গণি জানান, রাস্তা দিয়ে চলতে গিয়ে গাড়ী উল্টে যায়। গাড়ীর চার্জ বেশি লাগে, ঘন ঘন যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। যাত্রী মো: শহীদুল ইসলাম জানান, যানবাহনে চলতে গিয়ে ঝাঁকি লাগে। রোগী নিয়ে এ রাস্তায় চলাচল করা যায় না। একেকটি গর্তের দৈর্ঘ ১০ থেকে ১২ ফুট। গত দুই মাস যাবত ১০ টাকার ভাড়া ৩০ টাকা দিলেও যানবাহনগুলো এ রাস্তা দিয়ে যেতে চায় না।
ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম বলেন, একবার বৃষ্টি হলে রাস্তায় কমপক্ষে ১০ ঘন্টা পানি জমে থাকে। ভারী অননুমোদিত যানবাহন চলাচলের কারণে কাদা পানি সিটকে দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে দোকানে আসবাবপত্র কাদা- পানি ও ধুলোবালিতে সয়লাব হয়ে পড়ে।
মানববন্ধনে বক্তব্য দেন তেলিহাটী উইনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল, তেলিহাটী ইউনিয়ন যুবলীগের আবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক মাহফুজুর রহমান, তেলিহাটী ইউনিয়ন কৃষকলেিগর সভাপতি মো: জহিরুল ইসলাম জর্জ প্রমূখ।
এম ই বি রেডিমিক্স লিমিটেডের প্ল্যান্ট ইনচার্জ হাবিবুর রহমান জানান, রাস্তা খারাপ এটি ঠিক। কিন্তু আমাদের কোম্পানীর ভারী যানবাহনের অনুমতি রয়েছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সরকারের অনুমতিও আমাদের রয়েছে। রাস্তা খারাপের পেছনে আমাদের কোনো ত্রুটি নেই। রাস্তাটির কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই।