গাজীপুরে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব।
শুক্রবার (৮আগস্ট) বিকেল ৪টায় হোতাপাড়ায় উক্ত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় উক্ত কর্মসুচি।
প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান, সদস্য লাভলু মিয়া প্রমুখ।
কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশো দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এবং আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পরপর দুটি ঘটনায় মামলা না হওয়া এবং কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা। বক্তব্যে হুশিয়ার করেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে গাজীপুর জেলা সহ সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।