বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিফাতের পরিবারকে দেওয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেপ্তার
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারকে দেয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মো. আকাশ ব্যাপারী (২১) নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার মাদারীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার গণমাধ্যমের খবরের মাধ্যমে জানতে পারে যে, কিশোরগঞ্জে নিহত সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। এক ব্যক্তি পরিবারটিকে আরও আর্থিক অনুদান দেয়ার কথা বলে তাদের ব্যাংক হিসাব নম্বর চায় এবং কৌশলে তাদের এটিএম কার্ডের তথ্য সংগ্রহ করে। এরপর সে টাকা দেয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে পরিবারের ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নেয়। পরে সেই টাকা দিয়ে সে বিভিন্ন অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য ক্রয় করে।
তদন্তের সঙ্গে জড়িত সূত্র জানায়, সিফাত উল্লাহ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।