৫২ জাতীয় ডেস্ক।।
আবু বক্কর সিদ্দিক, ৫২ গাইবান্ধা থেকে।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এঘটনায় ৩ নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলায় সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (পাঠানটারী) গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সাইদুর রহমান গং-এর সঙ্গে প্রতিবেশী আবুল হোসেনের পুত্র আব্দুল জলিল গং-এর সংঘর্ষ বাঁধে। এতে সাইদুর রহমান, আব্দুল জলিল, রবিউল ইসলামসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাইদুর রহমান ও আব্দুর জলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। সেখানে সাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় কর্তব্যরত চিকিৎসরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় সাইদুর রহমানের ছোট ভাই শাহিন আলম, পারভীন বেগম, ময়না বেগম ও কাছমতি নামে ৩ নারীসহ ১৪ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার অন্যান্য আসামীরা হলো আব্দুল জলিল, রবিউল ইসলাম, আব্দুর রহিম, নুরুল হক, আলম মিয়া, বাদশা মিয়া, জবেদুল ইসলাম, স্বপন মিয়া, ফুল মিয়া ও কাজল মিয়া। এদের মধ্যে আব্দুল জলিল ও রবিউল ইসলাম পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরির্দশক জিয়াউল হক জানান, অন্যান্য আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।