৫২ গাজীপুর অফিস।।
গাজীপুর জেলার জয়দেবপুর থানার আয়োজনে ২৫ নভেম্বর (সোমবার) সকালে ‘আমরা মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ’ স্লোগান নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে জয়দেবপুর থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসিনা সরকার, ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী, ভাওয়াল গড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার এমদাদ শেখ, ৯ নং ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলাম রিপন, ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান, ১ নং ওয়ার্ড মেম্বার সফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।

‘ওপেন হাউজ ডে’ তে জয়দেবপুর থানা এলাকার জনপ্রতিনিধিরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন।
ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, মাদকসহ অন্যান্য সমস্যা সমাধানে পুলিশের ভূমিকা সন্তোষজনক হলেও আমার ইউনিয়নে গরু চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।
পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু বলেন, আমার ইউনিয়ন কৃষিনির্ভর হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কিন্তু আশেপাশের ইউনিয়নগুলোতে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান থেকে বিষাক্ত পানি নদীতে পড়ে কৃষি জমিতে ফসল মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং পরিবেশ ধ্বংসের মুখে যাচ্ছে, আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদের সকলের পরিবেশকে রক্ষা করে চলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম জহিরুল ইসলাম বলেন, গাজীপুর জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার শামসুন্নাহার এর নেতৃত্বে টিমে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
আপনারা গাজীপুরের মানুষ পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করলে পুলিশ সর্বাত্মকভাবে আপনাদের সেবা করতে পারবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে।
‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জয়দেবপুর থানা পুলিশের ওসি জাবেদুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ দেখবে যাতে করে জয়দেবপুর থানা এলাকার মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারেন। তিনি আরো বলেন, জয়দেবপুর থানা এলাকার রাত্রিকালীন নিরাপত্তার জন্য আমাদের টহল টিম বাড়ানো হয়েছে নতুন করে পিরুজালী ইউনিয়ন, ভবানীপুরের পাঁচপীর মাজার এলাকা, রাজেন্দ্রপুর বিমানবাহিনী গেট এলাকাসহ সব জায়গায় পুলিশের রাত্রিকালীন টহল টিম কাজ করছেন। এতে এলাকার চুরি ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা সন্তোষজনকভাবে কমে এসেছে আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতায় আরো সুন্দর ভাবে আপনাদের সেবা করে যেতে চাই।