মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মরহুম জয়নাল আবেদিন ডিলারের সন্তান মোঃ আবুল কাসেম ডিলার।
করোনার কারণে অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া ও দোকান ভাড়া নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম ডিলার।
বাঘের বাজার এলাকায় ৫ তলা বিশিষ্ট বাস ভবনের ২য় তলা সম্পন্ন ভবন সহ ২৩টি রুম ও বাঘের বাজারে থাকা দু’তলা বিশিষ্ট মার্কেটের সাতটি দোকান রয়েছে আবুল কাশেম ডিলারের। ৩টি ভবনে ২৩টি পরিবার ও সাতজন ব্যবসায়ী ভাড়া থাকেন।
এসব ভাড়াটিয়াদের থেকে প্রতি মাসে (১,৪৫,০০০/-) একলক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পেতেন আবুল কাশেম ডিলার। দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় ভাড়াটিয়াদের কাছ থেকে মে মাসের ভাড়া নেবেন না বলে জানিয়ে দিলেন বাড়ি মালিক আবুল কাশেম ডিলার।
আবুল কাশেম সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান সময়টা বেশ খারাপ যাচ্ছে। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে বলে আর্থিক সংকট দেখা দিয়েছে।
যতো সংকটই আসুক, মোকাবিলায় মানুষের জন্য, মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমার সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মে মাসের ভাড়া নিবো না বলে ভাড়াটিয়াদের জানিয়ে দিয়েছি। তারা এখন বেশ খুশি, তাদের মুখে হাঁসি দেখে আমার ও ভাল লাগছে।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা যদি মানবিক দিক বিবেচনা করে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাড়াঁয়, তাহলে এই সংকট কেটে উঠা সম্ভব। তাই সকল কে উদার্ত আহ্বান জানাচ্ছি।