**আনিসুল দুই দিনের রিমান্ডে, সালমান, ইনু, মেনন, পলকসহ আরও সাতজন গ্রেপ্তার**
ঢাকার বাড্ডা থানায় একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী সোমবার সকালে এই আদেশ দেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও সাতজনকে মিরপুর থানায় দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই নেতাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক আইনমন্ত্রীকে সকাল সাড়ে সাতটার দিকে আদালতে হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলায় দশ দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
অপরদিকে মিরপুর থানায় দায়ের করা সাতটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত ওই সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে সকাল সাড়ে সাতটার দিকে আদালতে হাজির করার পর পুলিশ মিরপুর থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
একইভাবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত ওই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে মিরপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নেতাদের বাদে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মিরপুর থানার চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হন। আদালত ১০টি মামলায় তার ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। সাতটি মামলায় সালমানের ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্যদিকে আনিসুলের ৩০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৪ আগস্ট জুনাইদ আহমেদ গ্রেপ্তার হন। আদালত পাঁচটি মামলায় তার ৩৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২২ আগস্ট রাশেদ খান মেনন গ্রেপ্তার হন। আদালত চারটি মামলায় তার ২১ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২৬ আগস্ট ইনু গ্রেপ্তার হন। আদালত পাঁচটি মামলায় তার ২৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ৫ সেপ্টেম্বর শাজাহান খান গ্রেপ্তার হন। আদালত একটি হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।