**গল্প-আড্ডায় কাটল শুটিং**
প্রায় ছয় বছর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন তানিয়া বৃষ্টি এতটা পরিচিত ছিলেন না। তিনি মাত্র ক্যারিয়ার শুরু করছিলেন। সে সময় পরিচালক তপু খানের একটি নাটকে অভিনেত্রী তানিয়া ও এফ এস নাঈমকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই তানিয়া এখন নিজেকে প্রমাণ করে নিয়মিত প্রধান চরিত্রে অভিনয় করছেন। এবার তানিয়া ও নাঈমকে আবার একসঙ্গে দেখা যাবে জহির খানের ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে। এটি লিখেছেন প্রশান্ত অধিকারী।
আলাপের শুরুতেই নাঈম ক্যামেরার সামনে বদলে যাওয়া তানিয়ার প্রশংসা করে বললেন, “আমি বিভিন্ন পরিচালকের সঙ্গে নিয়মিত অভিনয় করি। তাদের মধ্যে অনেকেই তানিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। পরে যখন আমরা একসঙ্গে অভিনয় করি, তখন সেটা আমি নিজেই দেখতে পেলাম। তানিয়া খুব বুদ্ধিমতী, অভিনয়ে মনোযোগী এবং এই সময়ের অন্য অনেক অভিনেত্রীর মতোই সে-ও ভালো করছে।”
তরুণ অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সময় নাঈমের খুব একটা চিন্তা থাকে না। তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, তরুণ অভিনেতারা তাল মিলিয়ে অভিনয় করতে পারে না। তাই অনেকেরই ছাড় দিয়ে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। তানিয়ার বেলায় এ রকম কোনো সমস্যা ছিল না।” এই অভিনেতা জানান, “তরুণদের মধ্যে দক্ষ অভিনয় শিল্পী তৈরি হতে হবে। তাহলেই নাটকের ইন্ডাস্ট্রিতে পরবর্তী প্রজন্মও দক্ষ হয়ে উঠবে।”
নাঈমের মতে, “‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকের গল্পটিও দর্শকের প্রশংসা পাবে।”
তানিয়ার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নাঈম বলেছেন, “অভিনয় ছাড়াও তানিয়া খুব মিশুক। শুটিংটা আড্ডা ও গল্পে কাটে। এর আগে আমার ‘কালপুরুষ চরকি’ মুক্তি পায়। সেখানে আমার চরিত্রের প্রশংসা করেছিল তানিয়া। সেই চরিত্রের জন্য আমাকে ওজন বাড়াতে হয়েছিল। সেই চরিত্র ওর মনে দাগ কেটেছে।”
নাঈম জানান, “আগামীতে আরও অনেক নাটকে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।”