ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর থেকে অস্ত্র-গুলি বের করেছে পুলিশ। গাজীপুরের পরিত্যক্ত গ্রেনেডও উড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে যশোরে দুই কেজি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সোমবার পুরান ঢাকার টিপু সুলতান রোডে ১১১টি রিভলবারের গুলি, শটগানের ৬টি গুলি এবং দুটি লং রেঞ্জ টেয়ার গ্যাসের শেল ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। একই দিনে বিমানবন্দর থানার পাশে একটি মসজিদের ডাস্টবিন থেকে ১৩টি সিসা ও চারটি রাবারের বুলেট উদ্ধার করা হয়। এর পর রূপনগরে পরিত্যক্ত একটি চায়না রাইফেলের অংশও উদ্ধার করে পুলিশ।
রবিবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাজারবাগ-মালিবাগ ফ্লাইওভারের নীচে একটি পরিত্যক্ত পিস্তল জব্দ করা হয়। গাজীপুর সদর থানার পাশে একটি পুরনো গ্রেনেডও উদ্ধার করা হয়। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গ্রেনেডটি নষ্ট করে দেয়।
এদিকে, যশোরের মনিরামপুর থানা দুই কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করে। আদালতের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোমা ডিসপোজাল টিম বিস্ফোরকটি যশোর পুলিশ লাইনস মাঠে নিষ্ক্রিয় করে।