নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ জুলাই নুহাশ পল্লীতে তিন শতাধিক মাদ্রাসার ছাত্রদের নিয়ে খাবারের আয়োজন, কুরআন খতম, দোয়া ও কবর জিয়ারতের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের ইচ্ছা ও স্বপ্নের মত ছিল যে, তার লেখা পেঙ্গুইন পাবলিকেশন্স থেকে প্রকাশিত হবে, আমরা সম্প্রতি পেঙ্গুইনের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এখন থেকে হুমায়ূন আহমেদের বিভিন্ন বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে প্রকাশ হবে, যেটা হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রাখতে সাহায্য করবে।
নুহাশ পল্লীর গাছপালার অযত্ন অবহেলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহের আফরোজ শাওন বলেন , আমরা হুমায়ূন আহমেদ নুহাশ পল্লীতে যেভাবে যে গাছটি লাগিয়েছেন, যে অবস্থায় ছিল, ওই অবস্থায় থাকুক এটাতে বিশ্বাস করি। তাই আমরা তার লাগানো গাছে হাত দিচ্ছি না আমরা প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গাছ সংগ্রহ করে এমনকি দেশের বাইরে থেকেও বিভিন্ন গাছ সংগ্রহ করে নতুন করে গাছ রোপন করে আসছি। কারণ হুমায়ূন আহমেদ এই নুহাশ পল্লী তৈরি করেছেন মূলত গাছের অভয়ারণ্য এবং পশু পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য, আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।