৫২ মফস্বল ডেস্ক।।
যশোরের চৌগাছা উপজেলায় সংযুক্ত শরীর নিয়ে দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের উজিরপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক কৃষকের স্ত্রী রিনা খাতুন (৩৫) জোড়া লাগা দুই কন্যা শিশুর জন্ম দেন।
চিকিত্সকের পরামর্শে জোড়া লাগা শিশু দুইটিকে সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিত্সক।
হাসপাতালে জোড়া লাগা শিশুকে এক নজর দেখার জন্য শিশু ওয়ার্ডে উত্সুক মানুষের ভিড় দেখা গেছে। এই ওয়ার্ডের সেবিকা শারমিন নাহার বলেন, কন্যা শিশু দুইটির মাথা, হাত-পা পৃথক আছে। তবে পেটের কাছে (নাভি) জোড়া লেগে আছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানান, শিশু দুইটির অর্গানগুলো যদি আলাদা থাকে, তবে তাদের ঢাকায় নিয়ে আলাদা করা সম্ভব হবে। এ জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।