৫২ খেলাধুলা ডেস্ক।।
মাঠের খেলা দেখে এটাই মনে হয়েছে, ডিয়েগো ম্যারাডোনাও সেই কথাই বলেছেন। পর্তুগাল রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছে। তিনি ভালো না করলে পর্তুগালের শক্তি অর্ধেক কমে যায়। কিন্তু রোনালদো যদি ফর্মে থাকেন, তাঁর ওপর নির্ভরশীল হতে আপত্তি নেই পর্তুগাল দলের কারওই। আগের দিন কোচ ফার্নান্দো সান্তোস বলে দিয়েছিলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ শেষ ষোলোর ম্যাচেও রোনালদোর দিকেই তাকিয়ে তিনি। তাঁর সঙ্গে সুর মিলিয়ে এবার পর্তুগিজ উইঙ্গার নানিও বললেন, রোনালদোই তাদের বড় আস্থা।
হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে দলকে নকআউট পর্বে তুলে আনার পর রোনালদোর কাছে পর্তুগালের প্রত্যাশা বেড়ে গেছে অনেক। তবে নানি বিশ্বাস করেন সেই প্রত্যাশা মেটানোর সামর্থ্যও আছে পর্তুগিজ অধিনায়কের, ‘সবাই তাকে চেনে। সে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটাও জানে। আমি শতভাগ নিশ্চিত, ও এই ফর্মটা ধরে রাখবে এবং আবারও গোল করে আমাদের জেতাবে।
একই সঙ্গে রোনালদোর হয়েই তাঁর সমালোচকদের একটা খোঁচাও দিলেন নানি, ‘ওর বিপক্ষে কারও কোনো কথা বলার দরকার নেই। সে কেমন খেলোয়াড় এটা তো হাঙ্গেরির বিপক্ষেই দেখিয়েছে। ওই ম্যাচেই তো সবাইকে চুপ করিয়ে দিয়েছে।’ স্কাই স্পোর্টস।