৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশের কোথাও আজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০ রোজা পূর্ণ করে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণেও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপনের সিদ্ধান্ত হয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনের হচ্ছে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে ওই সব দেশে কাল বুধবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।সৌদি আরবের এক দিন পরে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল।