৫২ মফস্বল ডেস্ক।।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত ঘুষের অভিযোগের প্রমাণ আছে কি না প্রশ্নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি, আমি কি রাস্তার লোক? বেঁধে দেওয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়া হবে।’
শুক্রবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।বুধবার এক সভায় তিনি বলেন, কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার যায়গায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা।
এরপর বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ চিঠি দিয়ে মেয়রের বক্তব্যের ব্যাখ্যা দাবি করে। প্রমাণ হাজির করতে তাকে বেঁধে দেওয়া হয় সাত দিন সময়।তিনি বলেন, ‘চিঠি দেওয়ার বিষয়টি আমি শুনেছি। আজ ও কাল অফিস বন্ধ। অফিস খোলার দিন গিয়ে দেখব। দেখে যেটি করার সেটি করব। সাত দিনের মধ্যেই চিঠির জবাব দেওয়া হবে।’
গত বুধবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আ জ ম নাছির উদ্দিন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি।