এবছরের অস্কারের সঞ্চালক কে? সেটাই এখন সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন। গেল দুইবার জিমি কিমেল অস্কার উপস্থাপন করেছিলেন। আর এবারও শোনা গেছে জিমি কিমেল সহ আরো কয়েকটি নাম। কিন্তু আয়োজকরা নতুন করে চমক দেখিয়েছেন। অস্কারের ৯৭তম আসরটির সঞ্চালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েনের হাতে।
কোনান ও’ব্রায়েন পাঁচবার এমির পুরস্কার জিতেছেন। বয়স তাঁর ৬১ বছর। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্কারের আয়োজকদের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেছেন, "একজন অনন্য কলাকুশলী কোনান ও’ব্রায়েন আমাদের অস্কার সঞ্চালন করছেন, এতে আমরা অনেক উত্তেজিত এবং সম্মানিত বোধ করছি। আমাদের বিশ্বব্যাপী সিনেমার এ উৎসবের তিনিই নেতৃত্ব দেবেন। তাঁর প্রখর রসবোধ, সিনেমার প্রতি ভালবাসা এবং লাইভ টেলিভিশন অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তাঁকে দর্শকদের সঙ্গে আশ্চর্য রকমভাবে যুক্ত করবে বলে আমাদের বিশ্বাস।"
কোনান ও’ব্রায়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। তাঁর এক্স হ্যান্ডেলে ২৭ মিলিয়ন অনুসারী আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে অস্কার সঞ্চালনার খবরটি শেয়ার করেছেন। আগে তিনি দুবার এমির পুরস্কারের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। আশির দশকে শুরু হয় তাঁর ক্যারিয়ার। তাঁর উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’। এই অনুষ্ঠানটি দিয়েই নব্বই দশকে আলোচনায় আসেন এই তারকা। ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ এবং ‘কোনান শো’ অনুষ্ঠানগুলিও ব্যাপক সাড়া ফেলেছে। সর্বশেষ তিনি ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’ শোটি করেছেন। একসময়ের এই ব্যস্ত তারকার হাতে তেমন কোনো কাজ ছিল না। আর এবারই তিনি অস্কারের সঞ্চালক হিসেবে ডাক পেয়েছেন।
প্রতিবছর বিশ্বের কোটি কোটি দর্শক সরাসরি এই অনুষ্ঠানটি দেখেন। যে কারণে আয়োজকরা উপস্থিত তারকা, কলাকুশলী এবং অনলাইন দর্শকদের কাছে আয়োজনটি আরো আকর্ষণীয় করে তোলার জন্য এর আগের আয়োজনগুলিতে কমেডিয়ানদের ওপরই নির্ভর করেছে। কমেডিয়ানদের মধ্যে এঁরা অস্কারের সঞ্চালনা করেছেন: বিলি ক্রিস্টাল ৯ বার, উইপি গোল্ডবার্গ ৪ বার। এ ছাড়াও আরও অনেক কমেডিয়ানকে নিয়মিত অস্কার সঞ্চালনায় দেখা গেছে। ৯৭তম অস্কার আয়োজনটি হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগামী ২রা মার্চ।