শারমিন রহমান, ৫২ জাবি প্রতিনিধি ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্তে অটুট অবস্থানে রয়েছে। এ সিদ্ধান্ত বলবৎ রাখার জন্য সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ লিখিত বক্তব্যে বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুইদিন ছুটি বলবৎ আছে। যাতে শিক্ষকরা গবেষণা ও শ্রেণী কক্ষে মনোনিবেশ করতে পারে। সাপ্তাহিক কর্মঘন্টা বাড়ানোর জন্য শিক্ষক সমিতি সপ্তাহে দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এছাড়া প্রশাসনিক অফিস ও বিভাগগুলো কর্মঘন্টা বেড়ে ৪০ ঘন্টায় পরিবর্তিত হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এতে করে বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সেশনজট দূর হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের হলের গনরুমের দুরাবস্থা দূরীকরনের লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও পুরাতন শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা, গ্রন্থাগারে শিক্ষার্থীদের স্থান সংকুলানের জন্য লাইব্রেরী সম্প্রসারণ ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র গাড়ি পাকিং, পিকনিক অনুষ্ঠান ও মটর সাইকেল চলাচল নিয়ন্ত্রন করা এবং র্যাগিংয়ের বিরুদ্ধে সকল শিক্ষককে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক ফিরোজা হোসেন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক শেখ মনজুরুল হক, অধ্যাপক শামীমা সলতানা, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৯ এপ্রিল শিক্ষক সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় দুই দিন সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়।