ডিম আগে, নাকি মুরগি আগে?
অনেক দিন ধরেই বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন, "আগে এসেছিল কোনটি: ডিম, নাকি মুরগি?" এখন মনে হচ্ছে, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের কিছু বিজ্ঞানী এর উত্তর খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা বলছে, ডিমের মতো জিনিসগুলি মুরগিরও অনেক আগে থেকে পৃথিবীতে ছিল।
এই গবেষণাটি "ক্রোমোসফেরা পারকিনস্কি" নামে একটি খুব পুরনো এককোষী জীবের ওপর করা হয়েছে। এই জীবটি ২০১৭ সালে হাওয়াইয়ের সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, ১০০ কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে থাকা এই প্রাণীটি এমন কিছু কোষ বানাতে পারে যা ডিম বা ভ্রুণের মতো কাজ করে। এতে বোঝা যায় যে, প্রকৃতিতে ডিম তৈরির পদ্ধতিটা প্রাণীদের আবির্ভাবের আগে থেকেই ছিল।
গবেষণাপত্রের লেখকদের একজন, ওমায়া দুদিন বলেছেন, "এটি একটি এককোষী প্রাণী হলেও, এটি প্রাণীদের মতো জিনিস তৈরি করতে পারে।" আরেকজন বিজ্ঞানী, মারিন অলিভেটার বলেছেন, "এই আবিষ্কার পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে। গবেষণায় দেখা গেছে যে প্রাচীন পৃথিবীতে এই ধরনের ডিম ধীরে ধীরে তৈরি হতে শুরু করেছিল এবং পরে মানুষ খাবারের জন্য ডিমের জন্য মুরগি পালন শুরু করে।"
আরেকটি গবেষণা বলছে, মুরগির ডিমের মতো শক্ত খোলসওয়ালা ডিম প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল। খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ডিমের প্রয়োজন পূরণ করার জন্য মানুষ অনেক আগে বাড়িতে মুরগি পালন শুরু করে।
সূত্র: ডেইলিমেইল ডটকম