মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন। তাঁর মতো, এবার স্ত্রী প্রিসিলা চ্যানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজেই গাড়ির নকশা করেছেন মেটা-র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা পোরশে জাকারবার্গের নকশায় গাড়ি তৈরি করেছে।
জাকারবার্গ এই গাড়ি তার স্ত্রীকে উপহার দিয়েছেন। তিনি নিজের জন্যও একটি পোরশে কিনেছেন, তবে তার নকশা জাকারবার্গ করেননি। দুটি গাড়ির পিছনে দাঁড়িয়ে নিজেদের ছবিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ।
জাকারবার্গের নকশায় তৈরি গাড়িটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান নামে পরিচিত। সাধারণত এই ধরনের গাড়ি পোরশে বানায় না। শুধুমাত্র মার্ক জাকারবার্গের জন্য ওয়েস্ট কোস্ট কাস্টমস নামক একটি প্রতিষ্ঠানের সহায়তায় এই মিনিভ্যান তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়ির মডেল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়িরই রং ধূসর।
ওয়েস্ট কোস্ট কাস্টমসের মাধ্যমে ক্রেতারা চাইলেই নিজের মতো করে গাড়ির নকশা ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানের মাধ্যমেই নিজের পছন্দের নকশায় স্ত্রীর জন্য পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান গাড়িটি তৈরি করেছেন মার্ক জাকারবার্গ।
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে বানানো গাড়ির ছবির ক্যাপশনে মার্ক জাকারবার্গ লিখেছেন, “আরেকটি নতুন গল্প। প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিল, তাই আমি এমন কিছু নকশা করেছি। আমি একটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান নকশা করেছি। আর একটি ম্যানুয়াল জিটি–৩ নিয়েছি। পোরশে এবং ওয়েস্ট কোস্ট কাস্টমকে ধন্যবাদ।”
গত আগস্টে মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল ভাস্কর্য উন্মুক্ত করেছিলেন। রুপালি চাদরে আচ্ছাদিত ভাস্কর্যটিতে প্রিসিলা চ্যানের চেহারা সবুজ রঙে ফুটিয়ে তোলা হয়েছে।