নয় বছর পর একসঙ্গে এলেন কাজল আর কৃতি শ্যানন। ‘দিলওয়ালে’ ছবিতে এর আগে এই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘দো পাত্তি’ ছবিতে এবার মূল চরিত্রে দেখা যাবে কাজল ও কৃতি শ্যাননকে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবির প্রচারণা নিয়ে কাজল বেশ বিন্দাস মেজাজে রয়েছেন, তবে কৃতির মধ্যে খানিক নার্ভাসনেস লক্ষ্য করা যাচ্ছে। গত সোমবার যশ রাজ স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই ক্রাইম-থ্রিলার ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির তিন মূল অভিনেতা কাজল, কৃতি ও শাহির শেখ। এই ছবিতে অনেক ‘প্রথম’ ঘটনা ঘটতে চলেছে। যেমন ‘দো পাত্তি’ ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ছবির নায়ক শাহির শেখের জন্য এটাই প্রথম হিন্দি ছবি। জনপ্রিয় ছোটপর্দার এই অভিনেতাকে এ ছবিতে কৃতির সঙ্গে প্রেমঘটিত দৃশ্যে দেখা যাবে। এই ছবি পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন শশাঙ্ক চতুর্বেদী। আর ‘দো পাত্তি’ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পুলিশ ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন কাজল।
এই ছবিতে কৃতি যমজ বোন সৌম্যা ও শেলি চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানে এই দুই চরিত্রের মধ্যে কোনটিতে নিজেকে বেশি কাছাকাছি মনে করেন বলে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী জানান, ‘আমার কিছু কিছু জিনিস সৌম্যার মতো, আবার কিছু কিছু আমি সৌম্যার মতো করি না। তবে সামগ্রিকভাবে আমি অনেকটাই সৌম্যার মতো। তবে সৌম্যা কথা বলাটা খুব কম পছন্দ করে, আমি আবার কথা না বলে থাকতে পারি না।’
‘দো পাত্তি’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, তাই নির্মাতা, পরিচালক ও অভিনেতাদের ওপর বক্স অফিসের কোনো চাপ নেই। তবুও এই ছবির প্রচারণা নিয়ে বেশ চাপ অনুভব করছেন বলে জানিয়েছেন কৃতি।
তিনি বলেছেন, ‘বক্স অফিসের চাপ না থাকলেও দর্শকদের প্রতিক্রিয়ার একটা ভয় তো থাকে। তাই এই ছবির প্রচারণা নিয়ে আমি একটু নার্ভাস হয়ে আছি। “মিমি” ছবির সময় দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। চাই “দো পাত্তি”ও দর্শকদের ভালোবাসাটা এভাবেই জিতুক।’ তবে কাজল আছেন বেশ বিন্দাস মেজাজে। তিনি হেসে হেসে বলেন, ‘বিশ্বাস করুন, আমি একটুও নার্ভাস নই। যতটুকু ভালো করা সম্ভব ছিল আমি তা-ই করেছি। তাই চিন্তার কী আছে? আর আমি ভয়ও পাচ্ছি না। যা হওয়ার হবে।’
অনুষ্ঠানে এই অভিনেত্রীর প্রশংসা করে কাজল বলেন, ‘কৃতি দিন দিন খুব সুন্দর ভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। তার সঙ্গে কাজ করে দারুণ মজা পেলাম। এর আগেও দিলওয়ালে ছবিতে কৃতির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। এর মধ্যে বেশ কয়েক বছর কেটে গেছে। এ কয়েক বছরে তার অভিনয়ে অনেক উন্নতি হয়েছে। ‘দো পাত্তি’ ছবির সেটে তার অভিনয় দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম।’
নতুন ছবি ‘দো পাত্তি’ আগামী ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।