৫২ রাজনীতি ডেস্ক।।
সব জল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। আজ (শুক্রবার) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে বিকল্পধারার মহাসচিব মেজর (অব) মান্নান বলেন, ‘আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাব বলে আশা করছি।’
রিটার্নিং কর্মকর্তা বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আবেদনে চূড়ান্ত মনোনয়নের বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়- “গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও-১৯৭২) এর ১৬ (২) ও ১৬ (৩) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সিগঞ্জ-১ এলাকায় মাহী বদরুদ্দোজা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। অতএব মাহী বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সিগঞ্জ-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।”
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের আসন নিশ্চিত করে আজ সকালে চিঠি দেওয়া শুরু করছে আওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তাদের চিঠি দেয়া হচ্ছে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি সংগ্রহ করছেন প্রার্থীরা। পাশাপাশি চিঠি পাচ্ছেন আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরাও।
আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন, সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), একেএম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), বিএম কবিরুল হক (নড়াইল-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-৩) এবং তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২)। এসব আসনে দুইজন করে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।
মহাজোটের শরিকদের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করার চিঠি পেয়েছেন- জাসদের শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২), বিকল্পধারা বাংলাদেশের এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪)।