৫২ টঙ্গী প্রতিনিধি।।
টঙ্গীর তিলারগাতি এলাকায় শাহীন নামের এক বখাটের বিরুদ্ধে থানায় জিডি করায় গতকাল শনিবার বিকালে এক নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতের নাম নাছিমা বেগম (২৫)। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় নাছিমা বাদী হয়ে গতকাল শাহীন ও তার সহযোগী সফিকের বিরুদ্ধে টঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন।
আহত নাছিমা জানায়, গত কয়েকদিন ধরে ওই এলাকার বখাটে শাহীন নাছিমাকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এঘটনায় নাছিমা টঙ্গী থানায় একটি সাধারন ডায়েরী (নং-৬৪৭) দায়ের করেন। পরে বিষয়টি শাহীন জানতে পেরে গতকাল বিকালে শাহীন ও তার সহযোগী সফিক নাছিমাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করে।
এবিষয়ে শাহীনের সাথে যোগাযোগ করা হলে নাছিমাকে মারধরের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।
এব্যাপারে থানার এসআই জুবায়ের মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাহীনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।