চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ প্রক্রিয়া শুরু হলেও সরকার পরিবর্তনের পরও এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
টার্মিনালটি একটি আয়বর্ধক টার্মিনাল উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থে এটিতে বিনিয়োগ করা হয়েছে এবং দেশি অপারেটরদের দ্বারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। তাই বর্তমানে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই।
সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে এলডিপির মহাসচিব বলেন, “সম্প্রতি সরকারের পক্ষ থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নই। তবে এনসিটি বিদেশিদের দখলে দেওয়ার পরিবর্তে অন্য জায়গায় বিদেশি বিনিয়োগ করে নতুন টার্মিনাল তৈরি করা যেতে পারে।”
এনসিটি বিদেশিদের হাতে তুলে দিলে কর্মীরা বেকার হয়ে পড়বেন এবং শ্রমিক অসন্তোষের সৃষ্টি হবে বলেও সতর্ক করে দেন শাহাদাত হোসেন। তিনি বলেন, “এই দেশবিরোধী চক্রান্ত থেকে অবিলম্বে সরে না এলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধ কর্মসূচি নিতে বাধ্য হব।”