**বাংলাদেশি তরুণ ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ধরা**
ঘাগড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি তরুণকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গত বুধবার সন্ধ্যায় পঞ্চগড় জেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া-বর্মতল সীমান্তে ৭৫৪ নম্বর মেইন পিলারের কাছে তাকে আটক করা হয়।
আটককৃত তরুণের নাম শান্ত ইসলাম (২৪)। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি এক দর্জি দোকানে কাজ করতেন।
বিজিবি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঘাঘড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে টহল দিচ্ছিলেন। তখন তারা সংবাদ পান যে ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য এক বাংলাদেশি তরুণ বর্মতল এলাকায় আছেন। এরপর বিজিবির একটি দল বর্মতল এলাকায় অভিযান চালিয়ে শান্ত ইসলামকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত ইসলাম জানিয়েছেন, তিনি আলম, ইউসুফসহ মোট ছয়জন দালালের সহায়তায় ৩২ হাজার টাকায় সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে চেষ্টা করছিলেন। তবে তাকে আটকের সময় দালালরা পালাতে সক্ষম হয়।
এ ঘটনায় বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া কোম্পানির কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ রহমতুল কবীর বাদী হয়ে শান্ত ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রঞ্জু আহমেদ জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শান্ত ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য ছয় আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেছেন, অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।