**বেলি বাম্পের মাধ্যমে রাধিকার গর্ভধারণের ঘোষণা**
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে হঠাৎ করেই কিছুদিন ধরে চলচ্চিত্রজগত থেকে অনুপস্থিত ছিলেন। তবে এবার তার অনুপস্থিতির কারণ সামনে এসেছে, তিনি মা হতে যাচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি তার ‘বেলি বাম্প’ প্রদর্শন করেছেন।
রাধিকা বর্তমানে তার জীবনের এক বিশেষ পর্যায় উপভোগ করছেন। তিনি আনন্দের সঙ্গে জানিয়েছেন যে, খুব শিগগিরই তিনি মা হতে যাচ্ছেন। তবে এতদিন পর্যন্ত তিনি এই বিষয়ে কোনো ইঙ্গিতই দেননি। নিজের গর্ভধারণের খবরটি প্রথমে গোপন রেখেছিলেন রাধিকা। তবে এবার বেলি বাম্প প্রকাশ্যে এনে তিনি সকলকে চমকে দিয়েছেন।
লন্ডন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো রঙের অফ-শোল্ডার বডিকন পোশাক পরে এসেছিলেন রাধিকা। এই পোশাকে তার বেলি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছিল।
এই অভিনেত্রী তার ছবি ‘সিস্টার মিডনাইট’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন। রাধিকার মা হওয়ার খবরে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তার এই সারপ্রাইজ ভক্তরা ভীষণ পছন্দ করছেন। নেটবাসীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করছেন।
২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষের খুব একটা ধারণা নেই।