**কোমরব্যথায় স্টপস কতটা কার্যকর**
দুনিয়ার ৮০ শতাংশেরও বেশি মানুষ তাদের জীবদ্দশায় কোন না কোন সময় কোমরব্যথায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোমরব্যথা হচ্ছে বিশ্বের শীর্ষ অক্ষমতাকারী রোগের অন্যতম।
কোমরব্যথাকে সাধারণত তিন প্রকারে ভাগ করা হয় – অল্পমেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। যেসব কোমরব্যথা তিন মাস বা তার বেশি সময় ধরে থাকে সেগুলো দীর্ঘমেয়াদী বা ক্রনিক কোমরব্যথা। ক্রনিক কোমরব্যথার কারণ নির্ণয় করা খুবই কঠিন। ৯০ শতাংশ ক্রনিক কোমরব্যথার নির্দিষ্ট কোন কারণ পাওয়া যায় না, যাকে অ-নির্দিষ্ট নিম্ন-পৃষ্ঠ ব্যথা বা NSCLBP বলা হয়।
কোমরব্যথার চিকিত্সার মধ্যে ব্যথার ওষুধ, ইলেক্ট্রোথেরাপি, স্টেরয়েড ইনজেকশন বেশি প্রচলিত। কিন্তু চিকিৎসা সাময়িকী ল্যাসেটে ২০১৮ সালে প্রকাশিত একটি গবেষণামূলক নিবন্ধে বলা হয়েছে যে এই প্রচলিত চিকিৎসাগুলো দীর্ঘ মেয়াদে খুব একটা কার্যকর নয়। গবেষণাপত্রে জৈব-মানসিক-সামাজিক চিকিৎসার উপরে গুরুত্বারোপ করা হয়েছে।
স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য প্রবলেমস অফ দ্য স্পাইন, সংক্ষেপে STOPS হলো অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলমন্ত্র হলো সুক্ষ্ম রোগনির্ণয়। যেহেতু দীর্ঘমেয়াদী কোমরব্যথার কোন নির্দিষ্ট কারণ থাকে না, তাই STOPS কোমরব্যথার একাধিক কারণ নির্ণয়ের উপর গুরুত্ব দেয়।
এই কারণগুলোর মধ্যে শারীরিক, যেমন পিএলআইডি; মানসিক, যেমন ডিপ্রেশন; সামাজিক-অর্থনৈতিক, যেমন পারিবারিক অশান্তি চিহ্নিত করা হয়। এরপর কোমরব্যথা থেকে মুক্তি পেতে রোগীকে কী কী বাধার সম্মুখীন হতে হবে তার একটি তালিকা করা হয়। এ ছাড়া রোগীর পেশা এবং বর্তমান কর্মপরিধি নির্ধারণ করে রোগী সুস্থ হওয়ার পর যেসব স্বাভাবিক কাজ করবেন, সে অনুযায়ী তার ফিটনেস বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হয়।
এই চিকিৎসা পদ্ধতির প্রক্রিয়া প্রতিটি রোগীর জন্য আলাদা এবং প্রক্রিয়াটি নির্ভর করে রোগী ঠিক কী কী কারণে কোমরব্যথা অনুভব করছেন তার উপর।
বিশদ ক্লিনিক্যাল পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী, STOPS অন্য যেকোনো সাধারণ চিকিৎসা পদ্ধতির চেয়ে বেশি কার্যকর এবং সস্তা। বাংলাদেশে কোমরব্যথার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এতে খরচ কয়েকগুণ, এমনকি শতগুণ বেড়ে যেতে পারে।
STOPS কোমর এবং মেরুদণ্ডের অন্যান্য ব্যথা, যেমন ঘাড়ব্যথার চিকিৎসা খরচ কমানোর উপর গুরুত্ব দেয়। সপ্তাহে এক বা দুই দিন এই চিকিৎসা নিতে হয় বলে ঘন ঘন হাসপাতালে যাতায়াত করতে হয় না। তাই বিশ্বে STOPS একটি খরচ-সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসাবে বিবেচিত হয়।
– ডা. মোহাম্মদ আলী, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা