৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে তালেবানের ওপর একাধিক বিমান হামলায় অন্তত ২৮ তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার দেশটির সেনা সূত্র জানায়, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই হামলা শুরু করেছে।
অঞ্চলটির ২০৯ শাহিন সেনা ঘাঁটির মুখপাত্র হানিফ রেজাই রবিববার সন্ধ্যায় বলেন, নিহতদের মধ্যে তালেবানদের স্থানীয় দুই কমান্ডার রয়েছেন। এরা হলেন, কারি আব্দুল্লাহ্ ও রহমত উল্লাহ।
নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। কিন্তু ১৭ বছরেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালে আফগান তালেবানের বিরুদ্ধে ওই যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও সেখানে রয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সেনারা। গত জানুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক জরিপে বলা হয়,আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানদের তৎপরতা রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে থাকে তালেবান। যুদ্ধের ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে। সমস্যা হচ্ছে তালেবানদের শর্ত নিয়ে। তালেবান যোদ্ধারা চায় সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে। আর যুক্তরাষ্ট্র চায়, তালেবান যোদ্ধাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে।