৫২, মামুন হোসেন (গাজীপুরঃ)
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নয়নপুর এলাকায় পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে ৫০টি পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনা খাবারের পাশাপাশি সেমাই, চিনি ও মাস্ক বিতরণ করা হয়। আর্টডকের অধীনস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) এর তত্ত্বাবধানে শনিবার (২৩ মে ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে।
এক সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যমে তা জানানো হয়।
এতে জানানো হয়, কোভিড-১৯ ভাইরাস সংক্রমের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধীনস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) কর্তৃক ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ ৯,০০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করাসহ দেশের বিভিন্ন স্থানে মেডিকেল সহায়তার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
এছাড়াও করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিকট হতে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজ ও বিতরণ করা হয়েছে। তাছাড়াও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও এসে দাঁড়িয়েছে আর্টডক।
সদর দপ্তর আর্টডক এর উদ্দ্যোগে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, সার্জিক্যাল মাস্ক, সুজ কভার, হেড কভার, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ মানবিককার্যক্রমের সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনা প্রদান করেছেন।