গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির কে হত্যার হুমকি দেওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ফকির পরিবারের সদস্য মোস্তাকিম হোসেন হিমেল জানান, গত ৩০শে সেপ্টেম্বর বরমী ভূমি অফিসে গেলে বিএনপির সভাপতি শাহজাহান ফকির, তাঁর দুই ভাই ও পুত্র পাপেল ফকির হঠাৎ তাঁদের ওপর হামলা চালান। তাঁরা মোস্তাকিমের সঙ্গী মোস্তফা ফকিরকে মারধর করেন। তাঁরা প্রতিবাদ করলে শাহজাহান ফকিরের নেতৃত্বে তাঁদের বাড়িতে দা, ছুরি, বল্লম নিয়ে হামলা চালান। পরদিন সকালে তাঁদের দোকানগুলো দখল করা হয়। এরপর তাঁরা পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
মোস্তাকিম হোসেন আরও বলেন, শাহজাহান ফকির ২০১৮ সালে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন, কিন্তু তা ফেরত দেননি। এখন তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করে ভরাট করা হচ্ছে। পরিবারের সদস্যসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ। তাঁর কর্মকাণ্ডের তথ্য বিএনপির শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা ফকির, সেলিনা বিলকিস ও শিহাব ফকির।
শাহজাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারা টাকার প্রয়োজনে তাঁর আত্মীয়দের কাছে জমি বিক্রি করেছে। কেউ তাদের জমি দখল করতে যায়নি।’