
৫২ আইন ও আদালত ডেস্ক।।
জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত বর্তমান কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরো তিনমাসের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে নিম্ন আদালতে ২০১৪-১৫ মেয়াদের সাবেক কমিটির করা মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে বর্তমান কমিটি তাদের কার্যক্রম আরো তিনমাস চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের লিভ টু আপিলের নিষ্পত্তি করে এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
আদালতে বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন সাধন কুমার বণিক। ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মো. সালেহউদ্দিন।
গত বছরের জুলাইয়ে ক্লাবের বর্তমান কমিটি গঠিত হওয়ার পর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে জজকোর্টে মামলা করেন ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমদ। ২২ জুলাই কোনো আদেশ না দিয়ে নিম্ন আদালতে মামলাটি নথিভুক্ত করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন আবদাল আহমদ। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট বর্তমান কমিটির কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ। নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত।
রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
মোহাম্মদ শফিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রাতেই নিজ বাসভবনে আট সপ্তাহের জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। পরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।
এ জাতীয় আরো খবর...